লম্বা থ্রো-ইনে ভয় আফগানদের

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১২:২৩ এএম

সাফ চ্যাম্পিয়নশিপের আগ পর্যন্ত গোল নিয়ে গোলকধাঁধায় ছিল বাংলাদেশ। বেঙ্গালুরুতে গ্রুপপর্বে মালদ্বীপ ও ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারানোয় আপাতত সেই ব্যামো কিছুটা হলেও কমেছে। এই স্বস্তির আগ পর্যন্ত গোল করা যেমন ছিল দুঃসাধ্য, তেমনি গোল তৈরির কাজটাও ঠিকঠাক করার লোকের অভাব ছিল। সেটা এখনো আছে। দলে ভালো কয়েকটা সেটপিস, ক্রসে গোলের সুযোগ তৈরি করার লোকের ভীষণ অভাব। তাই বাধ্য হয়ে বাংলাদেশের কোচদের ভরসা রাখতে হয় লম্বা থ্রো-ইনে। যুগে যুগে ভালো ফিনিশার ও ভালো জোগানদাতার দুষ্প্রাপ্যতার মাঝে বেশ কজন ভালো থ্রোয়ারের দেখা পেয়েছে দেশের ফুটবল। বেলাল, আলমগীরদের পথ ধরে দীর্ঘ সময় রায়হান হাসানের লম্বা থ্রো-ইনে তৈরি হতো গোলের সুযোগ। রায়হান এখন জাতীয় দলে অনিয়মিত। তবে তার পরম্পরা ধরে রাখছেন বিশ্বনাথ ঘোষ ও রহমত মিয়া; বিশেষ করে বিশ্বনাথের থ্রো-ইন নিয়ে একটু চিন্তিত মনে হলো আফগানিস্তানের কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরিকে। নেপালের সাবেক কোচ বলেই বাংলাদেশের ফুটবলের অলিগলি বেশ ভালো চেনা এই পাগলাটে কোচের। সেভাবেই স্বাগতিকদের বিপক্ষে তিনি কষছেন সাফল্য পাওয়ার ছক।

আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা কিংস এরেনায় বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে তিন দিন আগে ঢাকায় এলেও কাল প্রথম দল নিয়ে মাঠে কাজ করেছেন মুতাইরি। অনুশীলনের এক ফাঁকে প্রতিপক্ষ নিয়ে নিজের ভাবনার কথাটা জানিয়েছেন সংবাদকর্মীদের, ‘বাংলাদেশের ১২ নম্বর (বিশ্বনাথ ঘোষ) আমার বিশেষ নজরে থাকবে। এ ছাড়া আরও অনেকেই নজরে থাকবে। তাদের নাম বলছি না। শুধু নম্বর ১২-এর কথাই বলছি। তার লম্বা থ্রো-ইনগুলো বিপদের কারণ হতে পারে।’ মুতাইরির প্রশংসার বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে পৌঁছে গিয়েছিল বিশ্বনাথের কানে। কাল কিংস এরেনায় অনুশীলন শেষে এই ডিফেন্ডার বলেছেন, ‘আমি সিংহ না, বাঘও না। সে (আফগানদের কোচ) ভয় পায় কি পায় না, আমি সেটা জানি না। আমি যদি মাঠে নামার সুযোগ পাই, চেষ্ট করব দলের জন্য ইতিবাচক কিছু করার।’

বিশ্বনাথ ছাড়াও গোলকিপার আনিসুর রহমান জিকো, উইঙ্গার রাকিব হোসেন ও অধিনায়ক জামাল ভূঁইয়ার প্রশংসা করেন মুতাইরি; বিশেষ করে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের দলে খেলা জামালের প্রশংসা করে আফগানদের কোচ বলেন, ‘সে আর্জেন্টিনার লিগে খেলছে। গতকাল গোলও করেছে। এটা বেশ ভালো দিক। শুধু বাংলাদেশ নয়, এটা উপমহাদেশের দেশগুলোর  জন্যই ইতিবাচক।’ আর বাংলাদেশকে সমীহের দৃষ্টিতে দেখছেন তিনি, ‘সাফে অনেক ভালো খেলেছে বাংলাদেশ। দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। আমাদের সেই অনুযায়ী পরিকল্পনা করতে হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত