যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান

আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:০৫ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান ইরান স্থগিত করেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের চুক্তি নিয়ে দূরত্ব বাড়তে থাকায় এবং লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম গতকাল সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। 

আলোচনা স্থগিতের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। 

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল। কিন্তু সেটি বারবার লঙ্ঘন হয়েছে। ইসরায়েল লেবাননে ক্রমাগত অপরাধমূলক কর্মকা- চালিয়েই যাচ্ছে। এ কারণে ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে সব ধরনের সংলাপ ও খসড়া চুক্তির জন্য বার্তা আদান-প্রদান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর আগে জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়াটা অন্যতম প্রধান শর্ত।

ইরানের পক্ষ থেকে এমন বার্তার দিনেই লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এ নির্দেশের আগে সেনারা লেবাননে ঐতিহ্যবাহী দুর্গ বোফোর্টের দখল নেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এখন আমার নির্দেশ হলো হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় দখল আরও জোরালো ও সম্প্রসারিত করা।’

 লেবাননের হিজবুল্লাহ ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। ইসমাইল বাঘাই বলেন, ‘জায়নবাদী শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন ও লেবাননকে সমর্থন জোগাতে ইরান সব ধরনের পদক্ষেপ নেবে।’

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনের প্রচেষ্টায় ধীরগতির জন্য আস্থার অভাব, বারবার ওয়াশিংটনের পরস্পরবিরোধী অবস্থান এবং অঞ্চলটিতে ইসরায়েলের অব্যাহত হামলাকে দায়ী করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এমনটি জানিয়ে বাঘাই বলেন, ‘অপরপক্ষ ক্রমাগত তাদের মতামত পরিবর্তন করছে এবং নতুন বা পরস্পরবিরোধী দাবি উত্থাপন করছে। এতে এটা স্বাভাবিক যে, এ পরিস্থিতি আলোচনাকে দীর্ঘায়িত করবে।’

তিনি যোগ করেন, যদি পরস্পরবিরোধী বার্তাগুলো যুক্তরাষ্ট্রের আলোচনার কৌশলের অংশ হয়ে থাকে, তবে তা ইরানের ক্ষেত্রে কাজে দেবে না। অন্যদিকে যদি এগুলো মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার প্রতিফলন হয়, তবে ওয়াশিংটনের উচিত যত দ্রুত সম্ভব একটি স্পষ্ট ও চূড়ান্ত অবস্থানে পৌঁছানো।   

বাঘাই বলেন, তেহরান লেবাননসহ এ অঞ্চলে ইসরায়েলের কর্মকান্ডকে যুক্তরাষ্ট্রের কর্মকান্ড থেকে অবিচ্ছেদ্য বলে মনে করে। এ কারণে আঞ্চলিক সংঘাতের অবসানের যেকোনো চুক্তিতে লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক অস্ত্রের বিস্তারিত বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তেহরান তার জব্দকৃত তহবিল ছাড়ানোর মূল দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোকে সতর্ক করে দিয়ে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে আপনাদের সক্ষমতা ব্যবহার করতে দেবেন না।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, দেশটি ইরানের সামরিক স্থাপনাগুলোয় হামলা অব্যাহত রেখেছে। এর জবাবে ইরান কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, তারা মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, ঘাঁটিটি ইরানের একটি যোগাযোগ টাওয়ারে হামলার জন্য ব্যবহৃত হয়েছিল।

এদিকে কুয়েত তার ভূখন্ডে ইরানি হামলার নিন্দা জানিয়ে বলেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। কুয়েত মনে করে, ‘আগ্রাসনের’ এ ধারাবাহিকতা আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে দুর্বল করে আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত