টিভি চুরির অপবাদ

গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৩:৪৯ এএম

ঝিনাইদহের হরিণাকুণ্ডু  তে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে টেলিভিশন চুরির অপবাদ দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি শাহীনুর রহমান তুহিন (৬০) উপজেলার তাহেরহুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, রানাকে গাছে ঝুলিয়ে নির্যাতনের এই ঘটনায় তার বাবা ওমর আলী শাহীনুর রহমান তুহিনসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে শুক্রবার রাতে মামলা করেছেন।  এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, 

গত ২৭ ডিসেম্বর তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় থেকে টেলিভিশন চুরি হয়। পরদিন সকালে ওই গ্রামের কৃষক ওমর আলীর ছেলে রানাকে (২৫) চোর সন্দেহে মাঠ থেকে ধরে আনেন শাহীনুর রহমান। পরে তাকে শ্রীপুর বাজারের একটি কাঁঠাল গাছে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে পেটানোর পর পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তাকে হাসপাতালে না নিয়ে টিভি উদ্ধার অভিযানে গেলেও পায়নি। পরে রানাকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়। রানা গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সকালে ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহীনুর দেশ রূপান্তরকে বলেন, ‘তেমন কোনো ঘটনা ঘটেনি। টিভি চুরি করেছিল তাই স্বীকারোক্তি আদায়ের জন্য একটু মারধর করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত