ইসলামের জন্য হুসেইন মুহম্মদ এরশাদ যে অবদান রেখেছেন তা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় সবাইকে দোয়া করতে আহ্বানও জানান মসিউর রহমান রাঙ্গা।
জাতীয় পার্টির এই নেতা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন। জুমা’র নামাজের জন্য শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলেন। তার নির্দেশেই রেডিও এবং টেলিভিশনে আজান চালু হয়েছিল।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গেলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ এবং জাতির জন্য হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্ব এখনো অপরিহার্য। তার দক্ষতা এবং বীরোচিত নেতৃত্ব দেশের হতদরিদ্র এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এখনো খুবই জরুরি।
তিনি বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির সামনে আলোকিত ভবিষ্যৎ তাই দলকে আরো শক্তিশালী করতে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতা প্রসঙ্গে জি এম কাদের আরো বলেছেন, একজন নেতার জন্য কোটি কোটি মানুষের কান্নার রোল এটা অমূল্য, একজন নেতার জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। এত মানুষের ফরিয়াদ আল্লাহ অবশ্যই কবুল করবেন। নিশ্চয়ই হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ দোয়া ও মাহফিল পরিচালনা করেন মাও. ক্বারী হাবিবুল্লাহ বেলালী। দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, যুব বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।
