এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে বাড়তি সতর্কতা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০৪:১৩ এএম

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নকলরোধে বাড়তি আরও কিছু সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে। কোনো পরীক্ষার্থী দেরিতে এলে তার কারণ যুক্তিসংগত কি না, তা যাচাই-বাছাই করেই শুধু হলে ঢোকার অনুমতি দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে রেখে তার দিকে বিশেষ দৃষ্টি রাখা হবে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।   

পরিপত্রে বলা হয়েছে, ‘পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এরপর (পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে) পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, ক্রমিক নম্বর ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবেন।’

সব বিভাগীয় কমিশনার, বোর্ড চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। 

আগামী ২ ফেব্রুয়ারি থেকে দেশের ৪ হাজার ৯৬৪টি কেন্দ্রে একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নেবে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত