বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে দুই কমিটি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে দুটি কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ১০২ সদস্যের জাতীয় কমিটি ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে সভাপতি করে ৬১ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ দুই কমিটি গঠন সম্পর্কে বলা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে জাতীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সংসদের স্পিকার, প্রধান বিচারপতি এবং বিরোধীদলীয় নেতা এরশাদ ছাড়াও আওয়ামী লীগের গত সরকারের ১০ জন মন্ত্রী, বর্তমান সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, ঢাকার দুই মেয়র, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন সাবেক গভর্নর, বিভিন্ন ধর্মের প্রতিনিধি, লেখক, সাংবাদিক এবং বেশ কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক কর্মীকে রাখা হয়েছে এই কমিটিতে। জাতীয় অধ্যাপক মোহাম্মাদ রফিকুল ইসলামকে সভাপতি করে গঠিত বাস্তবায়ন কমিটিতে প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানরা ছাড়াও শিক্ষক, স্থপতি, কবি, লেখক, প্রকাশক, সাংবাদিক, গায়ক, অভিনেতা, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক কর্মীকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

জাতীয় কমিটি আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি, পরিকল্পনা, কর্মসূচি ও প্রস্তাবিত বাজেট অনুমোদন বিষয়াদি বিবেচনা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত