অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫২ এএম

অজ্ঞাত রোগে এক পরিবারের পাঁচজনের মৃত্যুর কারণ নির্ণয়ে ঢাকা থেকে যাওয়া পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল ঠাকুরগাঁওয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে যাওয়া দলটি গতকাল বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ মরিচপাড়া গ্রামের আবু তাহেরের বাড়িতে যায়। দলটির সদস্যরা তাহেরের আত্মীয়স্বজন, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং বাড়ির চারটি কক্ষ থেকে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

চিকিৎসক গাজী শাহ আলমের নেতৃত্বে আসা বিশেষজ্ঞ দলের অন্য সদস্যরা হলেন চিকিৎসক তানজিলা নওরিন, দেবাশীষ কুমার সাহা এবং মেডিকেল টেকনোলজিস্ট শাহনাজ পারভিন ও ইসমাইল খান।

বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন শাহজাহান নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘এই টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন। এ ছাড়া রংপুরে চিকিৎসাধীন তিনজনের নমুনাও তারা নিয়েছেন।’

রাজশাহী থেকে আরও একটি মেডিকেল টিম ঠাকুরগাঁও আসবে জানিয়ে শাহজাহান নেওয়াজ বলেন, ‘দুটো মেডিকেল টিমই ঠাকুরগাঁওয়ে তিন দিন অবস্থান করবে। তারা সংগৃহীত নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠাবে। ঢাকা থেকে পরীক্ষার প্রতিবেদন এলে পাঁচজনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এর আগে গত ৯ ফেব্রুয়ারি অজানা রোগে আক্রান্ত হয়ে মরিচপাড়া গ্রামের আবু তাহের (৫৫) মারা যান। পরে ২১ ফেব্রুয়ারি একই দিনে মারা যান তার জামাতা হাবিবুর রহমান (৩৫) ও স্ত্রী হোসনে আরা (৪৫)। এর দুই দিন পর ২৪ ফেব্রুয়ারি আবু তাহেরের দুই ছেলে ইউসুফ  আলী (৩০) ও মেহেদী হাসান মারা যান। এ ছাড়া ওই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত