ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সকালে কুয়েত মৈত্রী হলে সিল মারা ব্যালট পেপার উদ্ধার এবং রোকেয়া হলে ট্রাংকভর্তি ফাঁকা ব্যালট পেপার উদ্ধারের ষড়যন্ত্র হিসেবে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে নিজেদের এ উদ্বেগ প্রকাশ করেন সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। এতে বলা হয়, ‘নির্বাচন-পরবর্তী ঘোষিত ফলাফল পর্যালোচনায় আমরা বলতে পারি, এ নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সচেতন শিক্ষার্থীসমাজ তাদের মতের প্রতিফলন ঘটাতে পেরেছেন এবং প্রত্যাশা অনুযায়ী, নিজেদের প্রতিনিধি নির্বাচনে
তারা সফল হয়েছেন।’ নির্বাচনের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব দলমতের শিক্ষার্থীদের সমন্বয়ে নির্বাচনটি ছিল অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ। কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলের ঘটনাটি গভীর ষড়যন্ত্রের অংশ। নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে মহলবিশেষ তাদের পরিকল্পিত ষড়যন্ত্র চরিতার্থকরণে ব্যর্থ হয়েছে।
