দুর্বৃত্তরা এক রাতে কেটে ফেলেছে ১০ কাঠা জমির ভুট্টা গাছ। মাত্র এক মাস বয়স ওই ভুট্টা গাছের। হাড়ভাঙা খাটুনি খেটে লাঙল দিয়ে জমি চাষ করেছিলেন কৃষক নেংকু মোহাম্মদ। দেড় মাসের কষ্ট আর স্বপ্ন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারই এক প্রতিবেশী। গতকাল শনিবার সকালে ভুট্টার ক্ষেতের এমন অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন নেংকু মোহাম্মদ। ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রামে এই অমানবিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার দুপুরে ভুট্টা ক্ষেতের মালিক নেংকু মোহাম্মদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে ফকদনপুর গ্রামের মৃত দখলা মোহাম্মদের ছেলে বাদামু মোহাম্মদসহ সাতজনের নাম উল্লেখ করেছেন তিনি।
কেন এমন নিষ্ঠুরতা? প্রশ্নের জবাবে নেংকু মোহাম্মদ বলেন, ‘দীর্ঘদিন বাদামু মোহাম্মদের সঙ্গে জমিজমা নিয়ে আমার বিরোধ চলছিল। প্রতিশোধ নিতে তারা এমন কাজ করেছে। যারা আমার ভুট্টাগাছ কেটেছে আমি তাদের শাস্তি চাই।’ তবে ভুট্টা গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন মামলায় অভিযুক্ত বাদামু মোহাম্মদ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ভুট্টা গাছ কেটে ফেলার একটি অভিযোগ পেয়েছি; অভিযোগ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
