তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ই-কমার্স দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকা-কে বেগবান করছে। তিনি বলেন, ‘ই-কমার্স বা ডিজিটাল শিল্পকে সুন্দর করে গড়ে তুলতে আমাদের চারটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছেÑ ইন্টারনেট, লেনদেনের ব্যবস্থা, ডেলিভারি সুবিধা ও বিশ্বাস’।
প্রতিমন্ত্রী গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য ই-কমার্সের সুবিধা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বলে বাসসের এক প্রতিবেদনে জানানো হয়।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ই-কমার্সে ব্যবসা করতে গেলে আপনাকে বিশ্বাস রাখতে হবে। পণ্যটি আসবে, যা অর্ডার করা হয়েছে তা ঠিক আছে। এছাড়া পণ্যের মানও ঠিক রাখতে হবে’। তিনি বলেন, ‘বর্তমানে আমরা যে ব্যবসার কথাই চিন্তা করি না কেন প্রযুক্তিকে বাদ দিয়ে তাতে উন্নতি করা সম্ভব নয়। বর্তমানে প্রায় ২ হাজারের মতো উদ্যোক্তা ই-কমার্স নিয়ে কাজ করছেন। সোশ্যাল মিডিয়াও আজকাল ই-কমার্স হিসেবে ব্যবহার হচ্ছে’। প্রতিমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়া আমরা কীভাবে ব্যবহর করব, সেটা নির্ভর করছে ব্যবহারকারীর ওপর। আমরা ইচ্ছা করলে ভালো কাজেও ব্যবহার করতে পারি। সেটা শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যের কাজে বা সমাজবিরোধী কাজে ব্যবহার করতে পারি। কিংবা অন্য কাউকে ক্ষতি করতেও সেটা ব্যবহৃত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
