তথ্যমন্ত্রীকে রিজভী

সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৩:৫৪ এএম

তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাতের অন্ধকারে কাপুরুষের মতো জনগণের ভোট কেটে ব্যালট বাক্স ভরে রাখে তারা কতটুকু সাহসী তা দেশের জনগণ জানে। আপনাদের যদি সৎসাহস থাকে তাহলে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিন। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সৎসাহস থাকলে তারেক রহমান দেশে ফিরতেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রিজভী আরও বলেন, যারা রাতের অন্ধকারে কাপুরুষের মতো ভোট করে তারা কতটুকু সাহসী তা জনগণই জানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনগতভাবে জামিনে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। এখনো তিনি সুস্থ নন, তার চিকিৎসা চলমান রয়েছে। তিনি বলেন, বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলনের ফসল ওয়ান-ইলেভেনের সরকার তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতন চালিয়েছে। সেই নির্যাতনেই তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এ ধরনের বর্বরোচিত নির্যাতন চালানোর পরও শেখ হাসিনার প্রতিহিংসা প্রশমিত হয়নি। তারেক রহমান লন্ডনে থাকার পরও তার বিরুদ্ধে একের পর এক মামলা ও সাজা দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনাদের সাহস নেই বলেই খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছেন না। তার জনপ্রিয়তাকে আপনারা ভয় পাচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকলেও দেশের গণতন্ত্র মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি সুস্থ হলেই দেশে ফিরে আসবেন।

রিজভী অভিযোগ করে বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই মিডনাইট সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করে প্যারোল দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসনের প্যারোল চান না, নিঃশর্ত মুক্তি চান। তিনি বলেন, সরকারি লোকদের অর্থে পরিচালিত একটি টিভি চ্যানেল ও মিথ্যাচারে নিয়োজিত কিছু হলুদ সাংবাদিক খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কাল্পনিক রচনা প্রতিযোগিতায় নেমেছে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত