বারি পরিদর্শনে ফিলিস্তিনের প্রতিনিধিদল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১২:৩৬ এএম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনে এসেছেন ফিলিস্তিনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার দুই দেশের প্রতিনিধিরা কৃষির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হন।

প্রতিনিধিদলে আছেন প্যালেস্টিনিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (পিকা) মহাপরিচালক ইমাদ এম এম জুহাইরি, পিকার বাংলাদেশ প্রধান ইহসান এস কে আবুল রব, কৃষি বিশেষজ্ঞ ইমাদ কে এন ঘানামেহ ও আলী এ এ আলকাম এবং ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি নূর এইচও আলাইদি। আজ সফরের দ্বিতীয় দিন প্রতিনিধিদলটি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের হাইড্রোপনিক, ফ্লোরিকালচার, ফ্রুট অরচার্ড ও বায়োটেকনোলজি ল্যাব, গ্রিনহাউস, উদ্ভিদ প্রজনন ল্যাব, এরোপনিক ল্যাব, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন করবে।

গতকাল প্রতিনিধিদলকে স্বাগত জানান বারি মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। ইনস্টিটিউটের কার্যক্রম তুলে ধরেন মহাপরিচালকের দপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। ফিলিস্তিনের কৃষির বিভিন্ন দিক তুলে ধরেন পিকার মহাপরিচালক ইমাদ এম এম জুহাইরি। এ সময় বারি পরিচালক ড. মদন গোপাল সাহা, জেবুন নেছা, ড. বাবুলাল নাগ, ড. আবেদা খাতুন, ড. এ কে এম শামছুল হকসহ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা টক্সিকোলজি ল্যাব, পোস্ট হারভেস্ট প্রসেসিং ল্যাবসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত