নতুন দল গঠনের উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জু। গতকাল শুক্রবার গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোনে পাঠানো এসএমএসে মঞ্জু নিজেকে ‘জন আকাক্সক্ষার বাংলাদেশ’-এর সমন্বয়ক হিসেবে উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে, ‘আজ দুপুরে বিজয়নগরে হোটেল একাত্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগ গ্রহণের যে সিদ্ধান্ত তা ঘোষণা করা হবে।’
জামায়াতের সংস্কারপন্থি অংশের নেতারা জানান, ঘোষণাপত্র প্রকাশের পর আগামী তিন মাসের মধ্যে দলের গঠনতন্ত্র, ইশতেহার চূড়ান্ত করে রাজনীতিতে সোচ্চার হওয়ার
পরিকল্পনা তাদের। তবে উদ্যোগের সঙ্গে জামায়াতে ইসলামী কিংবা ছাত্রশিবিরের কেউ যাতে শামিল না হয়, সে জন্য কেন্দ্রীয় নেতারা নজরদারি বাড়িয়েছেন। সেই কারণে এখনই তারা সরাসরি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন না। নতুন রাজনৈতিক উদ্যোগে ইসলাম বা ধর্মভিত্তিক সংগঠনগুলোকে অনুসরণ করা হবে না। সাম্য ও মানবাধিকারকে বেশি গুরুত্ব দেবেন তারা। এ দলে যারা থাকবেন তারা সবাই বয়সে তরুণ ও শিবিরের সাবেক নেতা। মূলত একাত্তর-পরবর্তী প্রজন্মের লোকজনকে নিয়ে নতুন দল গঠন করা হচ্ছে। শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত থেকে বহিষ্কৃত মজিবুর রহমান মঞ্জু দল গঠনে সমন্বয়কের ভূমিকায় রয়েছেন।
এ প্রক্রিয়ার সঙ্গে কারা যুক্ত হচ্ছে জানতে চাইলে মঞ্জু দেশ রূপান্তরকে বলেন, কৌশলগত কারণে এখনই এ বিষয়ে কিছু বলতে চান না। সময় হলে সবই তারা প্রকাশ করবেন।
