তানিয়াকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সর্বোচ্চ শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকি নার্সদের

আপডেট : ১২ মে ২০১৯, ০২:৫২ এএম

শাহীনূর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এরমধ্যে ঢাকা ও সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। অন্যদিকে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সংগঠন। বিস্তারিত ঢাকা ও সিলেটের নিজস্ব প্রতিবেদক এবং কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর :

ঢাকা : তানিয়া হত্যায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি না দিলে কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। গতকাল সংগঠনটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বিএনএর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা অংশ নেন। মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনএর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ॥

শাখার সভাপতি কামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল এবং মিটফোর্ড হাসপাতাল শাখার সভাপতি জরিনা খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন বক্তব্য দেন।

সিলেট

তানিয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনএর এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা এবং সিলেট নার্সিং কলেজ। গতকাল দুপুরে ওসমানী মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বিএনএর ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন। সংগঠনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনএ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখার উপদেষ্টা পরিমল বণিক, সহ-সভাপতি ভ্রান্তি বালা দেবী, নজরুল ইসলাম বাবুল, জুবেদা খানম, খাদিজা বেগম, বিএনএ নেতা অরবিন্দ চন্দ্র দাস, সুলেমান আহমদ, মোহাম্মদ ইউসুফ, আমিনুল ইসলাম, মহেশ বিশ্বাস, নিলুফার ইয়াসমিন, রেবা রাণী পাল, ইমরান আহমেদ তাপাদার, সামছুল আলম ও নাজির আলম।

কিশোরগঞ্জ

তানিয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের বিভিন্ন সংগঠন। এর মধ্যে মানবাধিকার নাট্য পরিষদ সকালে শহরের কালীবাড়ি মোড়ে, সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা দুপুর ১২টার দিকে শহরের আখড়া বাজার পরম চত্বরে এবং বিকেলে নিরাপত্তা চাই জেলা কমিটির ব্যানারে শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়াও জেলার কয়েকটি উপজেলায় বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত