বিভিন্নভাবে বলার পর গৃহায়ন খাতে পুনঃঅর্থায়ন স্কিম চালু করার অনুরোধ করে এবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন। সম্প্রতি দেওয়া চিঠিতে ৯ শতাংশ সুদে তহবিল গঠনের অনুরোধ করেছেন তিনি।
চিঠিতে আলমগীর শামসুল আলামিন লিখেছেন, দেশের শহর অঞ্চলের নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রমবর্ধমান আবাসন চাহিদা মেটানো এবং দেশের অর্থনীতিতে গৃহায়ন খাতের কর্মকান্ডর ব্যাপকতা বৃদ্ধিতে সহায়তা দেওয়ার লক্ষ্যে শুধু নিজস্ব আবাসিক ব্যবহারের উদ্দেশে নতুন অ্যাপার্টমেন্ট কেনা ও তৈরির জন্য ঋণের বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনঃঅর্থায়ন সুবিধা আবারও চালু করা হলে আবাসন খাতের সংকট দূর হবে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত সেøাগান ‘সকলের জন্য আবাসন’ বাস্তবায়নে ফলপ্রসূ ভূমিকা রাখবে। ২০০৭ সালে বাংলাদেশ ব্যাংকের চালু করা পুনঃঅর্থায়ন তহবিল থেকে ব্যাংকগুলো ফ্ল্যাট কেনা বা বাড়ি তৈরির জন্য ৯ শতাংশ সুদে ঋণ দিত। ওই তহবিল চালুর পর ২০০৭ ও ২০০৮ সালে আবাসন খাতে ইতিবাচক প্রভাব পড়ে। ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ ওই সময় ঋণ নিয়ে ফ্ল্যাট কেনে। এই স্কিমের আওতায় ঋণ নেওয়া ব্যক্তিদের কিস্তি পরিশোধের হার বেশি বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেই প্রকাশ পেয়েছে।
