জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছোটভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন,
অসুস্থ হওয়ার আগে এরশাদ সাংগঠনিক নির্দেশে জি এম কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার অবর্তমানে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। তাই এখন থেকে জি এম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে তাকে যেন এখন থেকে দলের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব বা বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ আছেন। পল্লীবন্ধুর শোক শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করব। তিনি বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচন করে স্পিকারকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এরশাদের শূন্য আসনে মনোনয়ন দিতে গঠনতন্ত্র মোতাবেক দলীয় ফোরামে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। জি এম কাদের আরও বলেন, এরশাদ অসুস্থ থাকায় আমরা দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারিনি। দলকে শক্তিশালী করতে অচিরেই সারা দেশে সাংগঠনিক টিম কাজ শুরু করবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এস এম ফয়সাল চিশতী, মো. আজম খান, এ টি ইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।
