এবার গ্যালাক্সি সিরিজে আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৪:৫১ পিএম

স্মার্টফোনের ক্যামেরায় একের পর এক  চমক আনছে স্যামসাং। গত সপ্তাহে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানিটি। এবার তারা আনতে যাচ্ছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর।

দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, চীনা কোম্পানি শাওমির সঙ্গে আইসোসেল ব্রাইট এইএমএক্স নামে এই ক্যামেরা সেন্সর তৈরি করছে স্যামসাং।

জানা গেছে, গ্যালাক্সি এস ইলেভেন মডেলের সেটে  প্রায় ১-১.৩৩ ইঞ্চির ক্যামেরা সেনসরটি সংযুক্ত করা হবে। ২০২০ সালের মধ্যে সেটটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানিটির দাবি, নতুন সেনসরটিতে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি পিক্সেল থাকছে। স্মার্টফোনের ক্যামেরার সংজ্ঞা বদলে দেবে এই সেনসর।

এই নতুন সেনসরটিতে থাকছে স্মার্ট আইএসও প্রযুক্তি। এর ফলে কম বা বেশি আলোয় স্বয়ংক্রিয়ভাবে সেনসরের আইএসও নিয়ন্ত্রিত হবে।

১০৮ মেগাপিক্সেলের ছবি ফোন মেমোরিতে অধিক জায়গা খাবে। তাই এই ক্যামেরা দিয়ে তোলা যাবে ২৭ মেগাপিক্সেলের ছবিও।

এ ক্ষেত্রে ৪টি পিক্সেলের সমন্বয় তৈরি হবে এক-একটি পিক্সেল। এর ফলে ছবির রেজ্যুলেশন কম থাকবে। তবে ছবিতে ডিটেলস বেশি থাকবে এবং কম আলোতেও ভালো ছবি তোলা সম্ভব হবে বলে স্যামসাং জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত