নাসিরনগরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০১:৫৫ এএম

নাসিরনগরের চাতলপাড় গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কায়ছার (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। কায়ছার ওই গ্রামের বারামহাটিপাড়ার সুরুজ মিয়ার ছেলে। সে চাতলপাড় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

বড় ভাই শফিকুল বলেন, কায়ছারের ঢাকায় জ্বর হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত হই। ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সে পালিয়ে যায়। পরে রামপুরা থানার এক কর্মকর্তা তাকে উদ্ধার করেন। ওই পুলিশ কর্মকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। ডেঙ্গুতে আক্রান্তের পর তার রক্তের প্লাটিলেট ১০ হাজারের নিচে নেমে আসে। এরপর থেকে সে পাগলের মতো আচরণ করতে থাকে। পরে বাড়িতে এনে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসা করানো অবস্থায় কায়ছার মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহেব বলেন, ‘নাসিরনগরে এ পর্যন্ত ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে শতাধিক ডেঙ্গু রোগীকে আমরা শনাক্ত করেছি। তারা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত