ইনডেমনিটির বিষয়টা এখনো অনেক মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়। অনেকের কাছেই এখনো অজানা ইতিহাসের এই কালো অধ্যায়টি। সর্বসাধারণের কাছে সহজভাবে ইনডেমনিটির বীভৎসতা তুলে ধরার আয়োজন করেছে ‘ওয়ান বাংলাদেশ’।
সারা বাংলাদেশের ১২ টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ২৬ সেপ্টেম্বর ‘ইনডেমনিটি’ নাটক প্রদর্শনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন থিয়েটারের আয়োজনে মহিবুর রৌফ শৈবালের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যায় নাটকটি উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
মান্নান হীরা রচিত ‘ইনডেমনিটি’ নাটকটি ফেসবুকের ‘Indemnity’ নামের পেজে ১২ টি বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত নাটকটি সরাসরি সম্প্রচার করা হবে। ওয়ান বাংলাদেশ নাটকটি অন্যান্য সংগঠনের সহযোগিতায় সারা বাংলাদেশে উপস্থাপনের ব্যবস্থা করবে বলে জানা গেছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের। সেই দিনের মাত্র ৪১ দিন পর ২৬ সেপ্টেম্বর জারি করা হয় ‘ইনডেমনিটি’ বা দায়মুক্তি আইন অধ্যাদেশ। এই আইনে আরও বৈধতা দেয়া হয় ১৯৭৫ এর ১৫ আগস্ট থেকে ৯ এপ্রিল, ১৯৭৯ সাল পর্যন্ত সকল অবৈধ হত্যা, গুমের ঘটনার।
