শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম (মানুষ পারাপার) স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, দুর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন আমদানি-রপ্তানি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। আগামী ১২ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্টের ম্যানেজার অশিত স্যানাল জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পূজার সরকারি ছুটির দিন ছাড়া বন্দর ও কাস্টমসের কার্যক্রম খোলা থাকবে। এ সময় বন্দরে থাকা আমদানি করা পণ্য আমদানিকারকরা ইচ্ছে করলে খালাস নিতেও পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
