খালেদার মুক্তি নিয়ে গয়েশ্বর

বিএনপির এমপিরা আপসহীন উপাধি খারিজ চেয়েছিলেন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৩:১৩ এএম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের মধ্য দিয়ে মুক্তি লাভ করবেন বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে, দায়িত্ববোধ থাকার কারণে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছি, ভবিষ্যতেও করব। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে আয়োজিত এক সভায় এসব কথা বলেন দলটির এ নেতা।

জিয়া শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ আয়োজিত সমাবেশে গয়েশ্বর রায় বলেন, দলের সংসদ সদস্যরা কারাবন্দি চেয়ারপারসনের মুক্তির জন্য দৌড়ঝাঁপ করেছিলেন। তারা নেত্রীর আপসহীন উপাধি খারিজ করতে চেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। কারণ খালেদা জিয়া সরকারের অনুকম্পা নিয়ে মুক্তি নেবেন না, প্যারোলে মুক্তি নেবেন না।

সরকারের উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যু জেলখানায় হলে তা বহন করার ক্ষমতা আওয়ামী লীগ সরকারের নেই। প্রতিদিন কত মামলার রায় হয় কিন্তু খালেদা জিয়ার মামলার রায় হয় না। আদালত বিব্রতবোধ করে। আজ যারা ক্ষমতার অপব্যবহার করছেন, তারা এক দিন এর পরিণতি ভোগ করবেন।’

চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘যে দেশের প্রধানমন্ত্রী দুর্নীতিকে লালন করেন, প্রশ্রয় দেন। সেই দেশে ছোটখাটো দু-একটা টোকাই ধরে কিছু সময়ের জন্য চমক সৃষ্টি করা যেতে পারে। প্রকৃত অর্থে দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করা যায় না। আমরা মনে করি এই জনসমর্থনহীন সরকার, পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছোটখাটো খুচরা নাটক করছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ব্যাংকে গচ্ছিত টাকার হিসাব অনুযায়ী দেশে ৭৬ হাজার কোটিপতি রয়েছে। পাঁচ বছর আগে যা ছিল ১৯ হাজার। আর যে পরিমাণে টাকা বিদেশে পাচার হয়েছে, সেই হিসাব করলে দেশে কোটিপতির সংখ্যা কত হবে, তার ঠিক নেই। কোটিপতিদের তালিকা প্রকাশ করা হলে দেখা যাবে সবাই আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ ছাড়া কেউ কোটিপতি হননি। সাধারণ মানুষ নিঃস্ব হয়ে গেছে।’

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কবি আবু সালেহসহ সংগঠনটির নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত