ভারতে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩৩০ মিলিয়ন ডলার অর্থ আত্মসাতের অভিযোগে শিবিন্দর সিং ও মালভিন্দর সিং নামে ব্যবসায়ী দুই ভাইকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি পুলিশের আর্থিক অপরাধ শাখা তাদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি। এ সময় তাদের বিরুদ্ধে প্রতারণা, ফৌজদারি ষড়যন্ত্র ও আস্থা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তারা।
পুলিশ জানায়, ভারতের বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি রানব্যাক্সির উদ্যোক্তা ছিলেন এই দুই ভাই। উত্তরাধিকারসূত্রে কোম্পানির মালিকানা পেয়েছিলেন তারা। শুধু তা-ই নয়, জনপ্রিয় একটি হাসপাতালের চেইনের মালিকও ছিলেন তারা। তাদের দুজনকে একসময় দেশটির ধনীদের মধ্যে অন্যতম হিসেবে গণনা করা হতো।
২০০৮ সালে ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি বিক্রি করে দেন তারা। তা ছাড়া, বছরের পর বছর ধরে জালিয়াতির কারণে তারা হাসপাতালটির নিয়ন্ত্রণও হারান।
একপর্যায়ে বড় ধরনের একটি লোকসানের মুখে পড়েন দুজন। কোম্পানির সব দায় পরিশোধের জন্য ‘রেলিগেয়ার ফিনভেস্ট’ নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হন তারা। পরে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩০ মিলিয়ন ডলারের একটি ঋণ নিয়ে সেটি আত্মসাৎ করেন।
