বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বিএ (পাস) পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেওয়ায় দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। ইতিমধ্যে বাউবি তাকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার রেজিস্ট্রেশন বাতিল করেছে।
একজন সংসদ সদস্যের এমন কান্ডে বিস্ময় প্রকাশ করেছেন সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, চরম অনৈতিকতার আশ্রয় নেওয়ায় তামান্না নুসরাত বুবলী সংসদ সদস্য পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘তিনি (তামান্না নুসরাত বুবলী) যে কাজ করেছেন তা অত্যন্ত গর্হিত এবং আইনের দৃষ্টিতে প্রতারণা। এ অভিযোগে তার নামে মামলা করা যাবে। একজন সংসদ সদস্য এ ধরনের কাজ করতে পারে তা অবিশ্বাস্য এবং এটি দেশের জন্য বিদেশে নেতিবাচক ধারণা নিয়ে আসতে পারে। ইতিমধ্যে দেশের বাইরেও এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’
বুবলীর সংসদ সদস্য পদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি নৈতিক স্খলনজনিত অপরাধ হলেও এ ধরনের অপরাধের অভিযোগে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়ে সংবিধানে কোনো কিছু বলা নেই। তবে নৈতিকতার প্রশ্নে ওই সংসদ সদস্যের নিজ থেকেই এই মুহূর্তে স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে পদত্যাগ করা উচিত। এছাড়া জাতীয় সংসদে যেকোনো একজন সংসদ সদস্য যদি তার এ অপরাধের বিষয়টি সংসদে উত্থাপন করেন এবং বেশিরভাগ সংসদ সদস্য যদি তার পদের বৈধতা নিয়ে আপত্তি জানান তাহলেও তাকে পদত্যাগে বাধ্য করা যায় বলে আমার অভিমত।’
ব্যারিস্টার শফিক আরও বলেন, ‘এখন এই সংসদ সদস্যের বিরুদ্ধে দন্ডবিধির ৪২০ ধারা অনুযায়ী প্রতারণা মামলা করা যায়। এরপর আদালতে বিচারের মাধ্যমে অভিযোগ প্রমাণ হলে এবং তার অন্যূন দুই বছর কারাদ- হলে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্যের পদ ঝুঁকির মধ্যে পড়বে। তবে এটি অনেক সময়সাপেক্ষ এবং এ ক্ষেত্রে আইনি ও সাংবিধানিক কিছু জটিলতা রয়েছে।’
সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘আজকাল কিছু সংসদ সদস্য সম্পর্কে দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকা-ের যে ধরনের অভিযোগ গণমাধ্যমে আসে, সেই প্রেক্ষাপটে এই সংসদ সদস্যের (তামান্না নুসরাত বুবলী) এ ধরনের জালিয়াতি ও প্রতারণা অপ্রত্যাশিত নয়। এখন নৈতিক স্খলনজনিত কারণে তিনি নিজে থেকে পদত্যাগ করবেন, সেটি আমাদের দেশের প্রেক্ষাপটে আকাশ-কুসুম কল্পনা। তবে পদত্যাগ করলে একটি দৃষ্টান্ত হবে।’
২০১১ সালের নভেম্বরে সন্ত্রাসীদের হাতে নিহত নরসিংদীর সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে তিনি উচ্চ মাধ্যমিক পাস। স্নাতক সম্পন্ন করতে তিনি বাউবিতে ভর্তি হন। তবে তিনি ঢাকায় থাকলেও সম্প্রতি নরসিংদী সরকারি কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় তার হয়ে এ পর্যন্ত আটজন প্রক্সি দিয়েছেন। বাউবির বিএ কোর্সের এ পর্যন্ত চারটি সেমিস্টার ও ১৩টি পরীক্ষা হলেও একটিতেও তিনি নিজে অংশ নেননি বলে গণমাধ্যমে খবর এসেছে।
