হকার-এজেন্টদের মারধর করে গতকাল শুক্রবার প্রকাশিত দেশ রূপান্তরের তিন হাজারের বেশি কপি লুট করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবরের ক্যাডার বাহিনী। গতকালই দেশ রূপান্তরে ‘কামরাঙ্গীরচরের সাইদুলের কাছে জিম্মি ৪ লাখ মানুষ’ শীর্ষক সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন যাতে প্রকাশিত না হয় সেজন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হয় সাইদুল কাউন্সিলরের পক্ষ থেকে। গতকাল ভোররাতেই তার বাহিনী নিউমার্কেটের বলাকা, সদরঘাট, এলিফ্যান্ট রোড, আজিমপুরসহ বিভিন্ন স্থানে পত্রিকার বিতরণ সেন্টারে হামলা চালিয়ে দেশ রূপান্তরের কপি লুট করে নেয়।
সদরঘাটে দেশ রূপান্তরের এজেন্ট আবদুল মোতালেব বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে ৭-৮ জনের একটি দল মোটরসাইকেলে চড়ে সেন্টারে হাজির হয়। ওই সময় সেখানে নিরাপত্তা কর্মী ছিলেন মিজান। তার কাছে দেশ রূপান্তরের ৫০০ কপি পত্রিকা তারা চায়। মিজান দিতে না চাইলে তারা কৌশলে লঞ্চে পিকনিক পার্টিতে দেওয়ার কথা বলে তাকে প্রভাবিত করে। এক পর্যায়ে মিজান ৮০০ পত্রিকা থাকার কথা জানালে তাকে মারধর করে মাটিতে ফেলে দিয়ে ৮০০ পত্রিকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়। পত্রিকা লুট হওয়ায় গতকাল পুরান ঢাকার বহু গ্রাহক দেশ রূপান্তর পাননি।
নিউমার্কেটের বলাকা-১-এর সুপারভাইজার সুমন জানান, ভোররাত ৩টা থেকেই সেখানে ওঁৎ পেতে ছিল সাইদুলের ক্যাডার বাহিনী। পত্রিকার গাড়ি পৌঁছার ৩০ সেকেন্ডের মধ্যেই তারা সেন্টারের লোকজনকে মারধর করে এক হাজার কপি ছিনিয়ে নেয়। ফলে গতকাল আশপাশের অনেক এলাকার গ্রাহক পত্রিকা পাননি।
দেশ রূপান্তরের সার্কুলেশন বিভাগের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, সাইদুল মাদবরের লোকজন গতকাল ভোররাত থেকে মোটরসাইকেলে করে কমলাপুর, শাহবাগ, এলিফ্যান্ট রোড, আজিমপুর, ধানমন্ডি, বংশাল, মতিঝিল, কলাবাগান, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার হকার ও এজেন্টদের কাছ থেকে কাগজ নিয়ে নেয়। ফলে বহু মানুষ দেশ রূপান্তর পাননি।
সাইদুল কাউন্সিলরের এলাকার লোকজন জানান, পত্রিকা নিয়ে নেওয়ার পরও বিকল্প ব্যবস্থাপনায় কিছু পত্রিকা কামরাঙ্গীরচরে পৌঁছায়। কাউন্সিলরকে নিয়ে প্রকাশিত ওই সংবাদ গতকাল ছিল এলাকার লোকজনের মুখে মুখে। জুমার নামাজের পর সাইদুল মাদবর তার ক্যাডার বাহিনী নিয়ে আশ্রাফাবাদে কাউন্সিলর কার্যালয়ে রুদ্ধদ্বার সভা করে কামরাঙ্গীরচরে দেশ রূপান্তরের প্রতিবেদক ও পত্রিকাকে অবাঞ্ছিত ঘোষণা করে। তারা পত্রিকার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়। ‘ঢাকার পাতা’ নামে একটি ফেইসবুক পেজেও উসকানিমূলক স্ট্যাটাস দেওয়া হয়। ওই স্ট্যাটাসের সঙ্গে সাইদুল বাহিনীর লুট করা দেশ রূপান্তর পত্রিকার স্তূপ করা বেশ কিছু ছবিও আপলোড করা হয়। ছবিতে দেখা যায়, সাইদুল মাদবরের বাসা ও অফিসে দেশ রূপান্তরের লুট করা পত্রিকা স্তূপ করে রাখা হয়েছে। এ নিয়ে এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
