যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ দিল বলিভিয়া

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১০:৩০ পিএম

এক দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দিল বলিভিয়ার অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের অধিকাংশ নীতি পাল্টানোর অঙ্গীকারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই নিয়োগ দিলেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট জিনাইন আনিয়েজ।

যুক্তরাষ্ট্রে বলিভিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া ওয়ারতের অস্কার সেরাতে কোইয়ার এর আগে দেশটির জাতিসংঘ প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে বিবিসি।

মোরালেসের আমলে বলিভিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নাজুক হয়ে পড়েছিল। ওয়াশিংটনের বিরুদ্ধে বলিভিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন মোরালেস। ২০০৮ সালে মোরালেস সরকার লা পাজে নিযুক্ত তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গকে বিরোধী দলগুলোকে সমর্থন দেওয়ার অভিযোগে বহিষ্কার করে। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডবিস্নউ বুশের প্রশাসনও ওয়াশিংটন থেকে বলিভিয়ার রাষ্ট্রদূত গুস্তাভো গুজমানকে বহিষ্কার করে। এরপর থেকে যুক্তরাষ্ট্রে বলিভিয়ার কোনো রাষ্ট্রদূত ছিল না। 

গত মাসে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অস্থিরতার পর ১০ নভেম্বর পদত্যাগ করেন মোরালেস। এরপর অনিশ্চিত পরিস্থিতির মুখে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নিয়ে দেশত্যাগ করেন। মোরালেস পদত্যাগ করার পর থেকে বলিভিয়ার বিভিন্ন অঞ্চলে সহিংস প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২৯ জন নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত