ইভিএম না থাকলেও ঢাকার ভোটে থাকবে আ.লীগ : কাদের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৩:২৯ এএম

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট না হলেও ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থাকবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ইভিএম থাকলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, না থাকলেও অংশগ্রহণ করবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই।

গতকাল মঙ্গলবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানমালার অংশ হিসেবে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইভিএম নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তারা বুঝেও না বোঝার ভান ধরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইভিএম নিয়ে নানান প্রশ্ন তুলছে। নির্বাচনের প্রচারে নামার আগেই তারা হেরে বসে আছে। এ সময় তিনি বিএনপিকে জনগণ ও ভোটারদের প্রতি আস্থা রেখে ভোটের দিন শেষ পর্যন্ত ভোটে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার কার্যালয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত