সরস্বতী পূজার দিনে সিটি নির্বাচন

তারিখ বদলানোর দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০২:৪৪ এএম

হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করে অন্য কোনো দিন করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি রিট আবেদন হাইকোর্ট খারিচ করে দিলে বিকেল ৫টার দিকে ওই স্থানে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয় তারা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচলে বিঘœ ঘটে। 

হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আগামী ৩০ জানুয়ারি। একই দিন ঢাকার দুই সিটির নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর পরপরই পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভোটের দিন পরিবর্তনের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। এক পর্যায়ে হাইকোর্টে রিট আবেদন করেন এক আইনজীবী। গতকাল রিট আবেদন খারিজ করে ৩০ জানুয়ারিই ভোট গ্রহণের নির্দেশ দেয় আদালত। এরপরই বিক্ষুব্ধ ওই শিক্ষার্থীরা রাস্তায় নামে। প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে সাড়ে ৬টার দিকে তারা ওই স্থান ত্যাগ করে।

এ বিষয়ে জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস সাংবাদিকদের বলেন, শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা আমরাও চাই না। কিন্তু আজ যখন হাইকোর্টও ৩০ তারিখ নির্বাচনের রায় দিল, তখন আমরা এখানে না এসে পারলাম না। কারণ পূজা ও নির্বাচন একই দিনে হতে পারে না।

এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘৩০ তারিখের নির্বাচন, মানি না-মানব না’, ‘পূজার দিনে নির্বাচন, মানি না-মানব না’ স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসন্ন দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ করেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা শাহবাগ মোড় ত্যাগ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত