ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন দাবি করে ঢাকা দক্ষিণ সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, মেয়র হলে ঢাকাবাসী তাকে ২৪ ঘণ্টাই পাবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আজিমপুর-নিউমার্কেট এলাকার বিজিবি ৩ নম্বর গেটের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তাপস। সাংবাদিকদের তিনি বলেন, আমি নির্বাচিত হলে মেয়র হিসেবে নয়, একজন সেবক হিসেবে ঢাকাবাসীর জন্য কাজ করে যাব। সেখানে একজন সেবক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৪ ঘণ্টা ঢাকাবাসীর সেবা করবে। ঢাকাবাসী আমাকে তাদের কাছে ২৪ ঘণ্টাই পাবে। আমাদের হেল্পলাইন আমরা চালু করব, যাতে ঢাকাবাসী যেকোনো সমস্যার ব্যাপারে অভিযোগ দিতে পারে। হেল্পলাইনের মাধ্যমে সমস্যার সমাধান না হলে তারা সরাসরি মেয়রকে ফোন করতে পারবে। মেয়র সেই বিষয়ে সঙ্গে সঙ্গে সমাধান দেবে। এভাবে আমরা আমাদের সেবাকে সার্বক্ষণিক ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছাব। তাপস বলেন, আমি যখন গণসংযোগে নামি ঢাকাবাসীর ব্যাপক সাড়া পাই। তারা আমার পরিকল্পনাগুলো সাদরে গ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সুন্দর, সচল, সুশাসিত ও সবুজ ঢাকা গড়ব। আমি আশা করি, ৩০ জানুয়ারি আমাকে ভোট দিয়ে জনগণ ঢাকাবাসীর সেবা করার সুযোগ দেবে।
