ভারতে এখনই হচ্ছে না এনআরসি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৯ এএম

ভারতজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি কার্যকরের কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি কেন্দ্রীয় সরকার। গতকাল মঙ্গলবার লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

পার্লামেন্টকে তিনি জানান, সারা দেশে এনআরসি কার্যকরের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এ ছাড়া খসড়া আইন প্রকাশের পর সিএএ মেনে নাগরিকত্ব চাইলে যে কেউ আবেদন জানাতে পারেন। সিএএ-এর বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘সিএএ নিয়ে অনেক রাজ্যেরই উদ্বেগ রয়েছে। আমরা সব দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। তাদের আতঙ্ক যে অমূলক, সেটা বোঝানোর চেষ্টা করছি।’

গত বছরের ডিসেম্বরে ভারতের সংসদে এনআরসি বিল পাস হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, সারা দেশেই এনআরসি এবং সিএএ কার্যকর হবে। আর সেটা হবে কালবিলম্ব না করেই। এরপরই ভারতজুড়ে এর প্রতিবাদে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।

নতুন লোকসভা গঠনের সময় গত জুন মাসে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছিলেন, তার সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সিএএ এবং এনআরসির কাজ শেষ করবে। গত ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব বিল (সিএবি) নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সিএবি পাস হওয়ার পর সারা দেশে এনআরসি করা হবে। তিনি এ কথাও বলেছিলেন, ২০২৪ সালের মধ্যেই দেশে এনআরসির কাজ শেষ হবে। এরপর সিএবি পাস হয়।

এর পরপরই সিএএ এবং এনআরসির বিরুদ্ধে আন্দোলনও তীব্রতর হয়ে ওঠে। ছড়িয়ে পড়ে রাজ্যে রাজ্যে। গত ২২ ডিসেম্বর দিল্লি বিধানসভার নির্বাচনী প্রচার শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলীলা ময়দানের জনসভায় জানান, এনআরসি নিয়ে কোনো আলোচনাই হয়নি। সারা দেশে কোনো বন্দিশিবিরও তৈরি করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত