ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের শূন্য পদে ১৩ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ জন ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বতন্ত্র পরিচালক পদে ৭ জনকে অনুমোদন দিয়েছে কমিশন। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেয় এসইসি।
গত ১০ ফেব্রুয়ারি শূন্য হতে যাওয়া ৬ স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের জন্য কমিশনে ১৮ জনের তালিকা পাঠায় ডিএসই। ওই তালিকার মধ্য থেকে গতকাল ৬ জনের নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হলেনÑ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব ইউনুসূর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অবসরপূর্ব ছুটিতে থাকা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সালমা নাসরিন, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চান্দিনা ফার্মল্যান্ড অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাকিম আশরাফ, বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক পরিচালক হাবিবুল্লাহ বাহার এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ডিএসইর স্বতন্ত্র পরিচালকদের মধ্যে অবসরে গেছেন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, পরিচালক সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ওয়ালীউল ইসলাম, ড. এম কায়কোবাদ ও অধ্যাপক ড. মাসুদুর রহমান। এর মধ্যে শুধু মাসুদুর রহমানের পুনর্নিয়োগের সুযোগ ছিল এবং পুনর্নিয়োগের জন্য তার নাম তালিকায় পাঠানো হয়েছিল। ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় নতুন নিয়োগ পাওয়া ৬ জনসহ মোট ৭ জন স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
স্বতন্ত্র পরিচালক পদে ৭ জনের নিয়োগের বিপরীতে ১৪ জনের নামের তালিকা পাঠায় সিএসই। ওই তালিকা থেকে ৭ জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেয় এসইসি। নিয়োগ পাওয়া সাত স্বতন্ত্র পরিচালক হলেন অধ্যাপক এস এম সালামত উল্লাহ ভূইয়া, এস এম আবু তৈয়ব, মোহাম্মদ আবদুল মালেক, সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, আসিফ ইব্রাহিম ও ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম। এর মধ্যে অধ্যাপক এস এম সালামত উল্লাহ ভূইয়া ও এস এম আবু তৈয়ব সিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
