হাতিরঝিলের বউবাজারে ছুরিকাঘাতে কিশোর নিহত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৫ এএম

রাজধানীর হাতিরঝিলের বউবাজার এলাকায় ছুরিকাঘাতে শিপন হাসান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত তার বন্ধু মানিক মিয়াকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর রাত পৌনে ১২টার দিকে শিপন মারা যান। আহতের মাধ্যমে জানতে পেরেছি তারা দুজনই মোটরসাইকেলে ছিলেন। স্থানীয় কয়েক যুবক তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। শিপনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

শিপনের ছোটবোন সুমাইয়া আক্তার জানান, তারা হাতিরঝিল মধুবাগ এলাকায় থাকেন। মানিকও একই এলাকায় থাকেন। শিপন হাজীপাড়ায় একটি মোটর মেকানিকের দোকানে কাজ করতেন। মানিকও একই ধরনের কাজ করে।

তিনি বলেন, সন্ধ্যার দিকে শিপনের এক বন্ধু আমাদের খবর দেয় কারা যেন তাকে ছুরিকাঘাত করেছে। তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তার পেটে একই জায়গায় ৫-৬টি ছুরিকাঘাত করেছিল দুর্বৃত্তরা। তার বন্ধু মানিকেরও পেটে ও হাতে ছুরির আঘাত লাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত