বিসমিল্লাহ গ্রুপ এমডিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩১ এএম

অর্থপাচার মামলায় সাজা পাওয়ার পর পলাতক থাকা বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরীসহ সাত আসামিকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই আদেশের অগ্রগতির বিষয়ে আগামী ৫ এপ্রিল পুলিশ প্রধান (আইজিপি) এবং র‌্যাবের মহাপরিচালককে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় অন্য এক আসামির জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

খাজা সোলেমান আনোয়ার চৌধুরী ছাড়া অন্য ছয় আসামি হলেন তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান নওরীন হাবিব, গ্রুপের পরিচালক ও খাজা সোলেমানের বাবা সফিকুল আনোয়ার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী, ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদ এবং নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মো. আক্তার হোসেন।

এদিন আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, মাহজাবিন রাব্বানী দীপা, কাজী শামসুন নাহার কনা ও ঈশিতা পারভীন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান।

এর আগে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর অর্থপাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী এবং তার স্ত্রী নওরীন হাবিবসহ ৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-১০। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ৩০ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ৩৭৩ টাকা অর্থদণ্ড দেয় আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে জনতা ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমদ খান এবং এস এম শোয়েব-উল-কবীর আদালতে আত্মসমর্পণ করেন। পরে তারা হাইকোর্টে জামিনের আবেদন করেন। সেই জামিন আবেদনের শুনানিকালে আদালত দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির নির্দেশ দিল। ২০১৩ সালের নভেম্বর মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। পরে তদন্ত শেষে ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালত তা আমলে নিয়ে ২০১৬ সালে বিচার শুরু করে। বিচারের সময় সব আসামি পলাতক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত