অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

খেলাপি কমাতে সহায়তা করতে চায় এডিবি

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০১:২৯ এএম

শুধু ঋণ সহায়তা নয়, নতুনভাবে চিহ্নিত অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন খাতে অংশীদার হওয়ার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে এডিবির অর্থ ও ঝুঁকি ব্যবস্থাপনা ভাইস প্রেসিডেন্ট ইনগ্রিড ভ্যান ওয়েস সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উপস্থিত ছিলেন। জবাবে এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, এডিবি স্থানীয় মুদ্রায় বন্ড জারি ও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী।

এ বিষয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টর সাক্ষাতে বলেন, অর্থ মন্ত্রণালয় কর্র্তৃক গৃহীত খেলাপি ঋণ কমাতে ও আর্থিক খাতকে স্বাস্থ্যকর করার নীতিমালাটির সঙ্গে এডিবি সহায়ক ভূমিকা পালন করতে চায়।

অর্থমন্ত্রী বলেন, সরকার ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সূক্ষ্ম ও শক্তিশালী হওয়ার জন্য সামষ্টিক অর্থনৈতিক মূল নীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে, যা অদূর ভবিষ্যতে একটি স্থিতিশীল আর্থিক ও মূলধনী বাজারের জন্যও সহায়ক হবে। তিনি বলেন, শুধু লোন সহায়তা নয়, নতুনভাবে চিহ্নিত অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে এখন অন্যান্য দেশের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক আদর্শ থেকে গৃহীত পদক্ষেপের মাধ্যমে কীভাবে বাংলাদেশের অর্থনীতি নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির মাধ্যমে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে তা সবিস্তারে ব্যাখ্যা করেছেন।

বাংলাদেশ এই বছর জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করতে যাচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নমূলক মাইলফলক অর্জনে ধারাবাহিক সহায়তায় এডিবি বাংলাদেশকে প্রায় ২৫.১৪৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। মূলত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানিসম্পদ, সুশাসন এবং আর্থিক বিভাগগুলোকে প্রাধান্য দিয়ে এডিবি এ সহায়তা প্রদান করেছে।

ইনগ্রিড ভ্যান ওয়েস ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমসের দ্য ব্যাংরের ২০০০ সালের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সেরা অর্থমন্ত্রী (গ্লোবাল এবং এশিয়া প্যাসিফিক) হওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি গত এক দশকের বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত