হোম কোয়ারেন্টাইনে আরও ৪৪৬ জন

লক্ষ্মীপুরে খোঁজ নেই ৩ হাজার বিদেশফেরতের

আপডেট : ২২ মার্চ ২০২০, ০২:৪০ এএম

সাত জেলায় প্রবাসীসহ আরও ৪৪৬ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। গত শুক্রবার ১৩ জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ১৩৬৭ জনকে। এর আগের দিন বৃহস্পতিবার রাখা হয়েছিল ২০৭৯ জনকে। সে তুলনায় গতকাল শনিবার হোম কোয়ারেন্টাইনের সংখ্যা কম।   

এদিকে লক্ষ্মীপুরে খোঁজ নেই প্রায় ৩ হাজার বিদেশ ফেরতের। গত ৪ সপ্তাহে বিদেশ থেকে ফিরেছেন ৩৬৬২ জন। এর মধ্যে কয়েকজন ইতালিপ্রবাসী ছাড়া বাকিরা এসেছেন মধ্যপ্রাচ্য থেকে। বিমানবন্দর ইমিগ্রেশন গত সোমবার এ সংক্রান্ত একটি তালিকা জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফারের কাছে পাঠিয়েছে। তালিকা অনুযায়ী ৩৭৫ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, বাকিদের কোনো খোঁজ নেই বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। তাদের সন্ধানে ৫টি উপজেলায় তালিকা পাঠানো হয়েছে। নেত্রকোনা শহরের পশ্চিম চকপাড়া এলাকার মাদানি মসজিদ সংলগ্ন

এলাকায় হোম কোয়ারেন্টাইন এড়াতে কবির নামে এক প্রবাসী পালিয়ে গেছেন। গতকাল শনিবার হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে ঘোরাফেরা করছেন এমন খবরে উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার শাহ কবিরের বাড়িতে যান। কিন্তু এর আগেই সৌদি ফেরত প্রবাসী কবির পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা এক প্রবাসীকে হোম  কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির আরও তিন সদস্যকে  হোম  কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। গত ৭ মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে দেশে আসেন নবীনগর উপজেলার শেখ সফিক ও তার স্ত্রী তিথি চৌধুরী। এরপর হোম কোয়ারেন্টাইনে না থেকে দুদিন আগে স্ত্রী তিথিকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।

লালমনিরহাটে ৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিশোরগঞ্জের আরও ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রতিরোধ কমিটি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৮ জন। ফেনীতে ৪৯ জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রবাসফেরতের স্বজন রয়েছেন ১ হাজার ২৮৬ জন। খুলনায় ২৬৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। একদিনের ব্যবধানে এই সংখ্যা ৬৫ জন বেড়েছে। এর আগে গত শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৯৮ জন। চট্টগ্রামের সীতাকু-ে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৯ জন। এরা সবাই গত ১ সপ্তাহে ইতালি, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এসেছেন।

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে ইতালি প্রবাসী, তার স্ত্রী  ও তাদের ৮ মাসের শিশুকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশক্রমে করোনা সন্দেহে ওই তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টাইন ইউনিটে রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত