নতুন করে কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না তা বুঝতে অভিনব প্রযুক্তি চালু করেছে চীন। সম্প্রতি দেশটির কিছু পুলিশ অফিসারকে নতুন হেলমেট দেওয়া হয়েছে। বিশেষ স্মার্ট ফিচারযুক্ত এই হেলমেটটি দারুণ টেকসই। হেলমেটটি ব্যবহার করা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করতে। মানুষের দিকে তাকালে হেলমেটের মাধ্যমে শরীরের তাপমাত্রা বোঝা যাবে এবং তিনি করোনায় সংক্রামিত কি না, তা বোঝা যাবে। থার্মাল ইমেজ দেখা এবং রাস্তায় গাড়ির রেজিস্ট্রেশন প্লেট সহজে চিহ্নিত করতেও সাহায্য করবে এই হেলমেট। বাইরে থেকে হেলমেটটি দেখতে একদম সাধারণ একটি হেলমেটের মতোই। কাচের পেছনে স্থাপিত বিশেষ ক্যামেরার মাধ্যমে এই হেলমেট কাজ করবে।
হেলমেট সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, ফেসিয়াল রিকগনিশনে একে কাজে লাগানো যাবে। গাড়ির নম্বর প্লেট দেখে গাড়ি চিহ্নিত করতে সক্ষম বলে রাস্তায় দ্রুত অপরাধী চিহ্নিত করা যাবে। ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে নির্দিষ্ট মানুষকে চিহ্নিত করার পর তার শরীরের তাপমাত্রা রেকর্ড করে রাখতে পারবে এই হেলমেট। চীনে করোনাভাইরাসের ভয়াবহতা ছড়িয়ে পড়লে গত জানুয়ারি মাসে এ প্রযুক্তি সামনে নিয়ে আসে চীনা প্রতিষ্ঠান হানওয়াং।
