সেনাবাহিনী দিয়ে ত্রাণ বিতরণের প্রস্তাব মোশাররফের

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০২:৩২ এএম

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর তালিকা প্রণয়ন ও ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ন্যস্ত করার প্রস্তাব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গত মঙ্গলবার অনলাইনে এক ভিডিও ব্রিফিংয়ে তিনি এ প্রস্তাব করেন।

খন্দকার মোশাররফ বলেন, আমার প্রস্তাব যে, ত্রাণ যাতে বেশি মানুষের কাছে পৌঁছে সেজন্য তালিকা সম্প্রসারণ করতে হবে। সরকারের কাছে সব এলাকার ভিজিডি-টিআর-বৃদ্ধ-মুক্তিযোদ্ধাদের তালিকা আছে। এখন যারা খেটে খাওয়া মানুষ, যারা নিমড়ব মধ্যবিত্ত এবং যারা গরিব তাদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব। তিনি বলেন, সরকার সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেন এ দায়িত্ব পুরোপুরি দেয়। তাহলে তারা চিরুনি অভিযান করে সারা দেশে এ তালিকাটা তৈরি করবে।

এরপর থেকে যত রকমের সাহায্য, যত রকমের ত্রাণ, ভিজিএফ-ভিজিডি, ত্রাণ ও বয়স্কভাতা সবকিছু সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সরাসরি যদি বিতরণ করা হয় তাহলেই মানুষকে আমরা এ অবস্থা থেকে বাঁচাতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত