কমে আসছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট। বন্দর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেওয়া নানা পদক্ষেপে বাড়ছে ডেলিভারি। এক মাস পর গত মঙ্গলবার এক দিনে সাড়ে চার হাজার টিইইউস কন্টেইনার ডেলিভারি হয়েছে। অফডকে কন্টেইনার পাঠানোর পাশাপাশি আমদানিকারকরা দ্রুত ডেলিভারি নিলে আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন বন্দর কর্মকর্তারা।
করোনা পরিস্থিতিতে ডেলিভারি কমে যাওয়ায় প্রায় দুই সপ্তাহে সৃষ্ট কন্টেইনার জটে অনেকটা অচল হয়ে পড়ে বন্দরের অপারেশনাল কার্যক্রম। দিনের পর দিন বহির্নোঙরে বার্থিংয়ের অপেক্ষায় থাকতে হয় পণ্যবাহী বিদেশি জাহাজগুলোকে। এ অবস্থায় জট নিরসনে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সব আমদানি পণ্যের কন্টেইনার বেসরকারি ডিপোগুলোতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে দাপ্তরিক আদেশ জারি করে এনবিআর। বন্দর কর্তৃপক্ষও আগামী ৪ মে’র মধ্যে আমদানি পণ্য ডেলিভারির ক্ষেত্রে শতভাগ স্টোর রেন্ট মওকুফের ঘোষণা দেয়।
সংশ্লিষ্টরা জানান, বন্দর কর্তৃপক্ষ ও এনবিআরের পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কন্টেইনার ডেলিভারিতে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৪০ টিইইউস কন্টেইনার বন্দর থেকে বের হয়েছে। সাধারণ ছুটি ঘোষণার পর গত এক মাসের মধ্যে এটি ছিল রেকর্ড ডেলিভারি। এর মধ্যে ১ হাজার ৬৭৯ টিইইউস কন্টেইনার নেওয়া হয়েছে অফডকে। অবশিষ্ট ২ হাজার ৭৬১ টিইইউস কন্টেইনার ডেলিভারি নিয়েছেন আমদানিকারকরা। গতকাল বুধবার সকাল ৮টার হিসাবে দেখা যায় বন্দরে কন্টেইনারের পরিমাণ ৪৬ হাজার ১৪৫ টিইইউসে নেমে এসেছে। বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব দেশ রূপান্তরকে বলেন, গত ২৭ এপ্রিল থেকে তিন দিনে বন্দর থেকে সাড়ে ৭ হাজার কন্টেইনার অফডকে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশ কন্টেইনার নির্ধারিত ৩৮ ধরনের পণ্যের বাইরে। তিনি বলেন, বর্তমানে চট্টগ্রামের ১৯ অফডকে আরও প্রায় ২০ হাজার কন্টেইনার রাখার সুযোগ রয়েছে। চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম দেশ রূপান্তরকে বলেন, সব ধরনের আমদানি পণ্যের স্টোর রেন্ট মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ সুযোগ নিতে আগামী ৪ মে’র মধ্যে পণ্য ডেলিভারি নিতে হবে। আশা করছি, আমদানিকারকরা এ সুযোগ নেবেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, অনুরোধের পরিপ্রেক্ষিতে বন্দরের পক্ষ থেকে স্টোর রেন্ট মওকুফ করা হয়েছে। আমদানিকারকদের প্রতিও আহ্বান থাকবে তারা যেন দ্রুত পণ্য ডেলিভারি নিয়ে বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিরসনে সহযোগিতা করেন।
