পদোন্নতি দিয়ে পুলিশের শীর্ষ ৫ পদে রদবদল

আপডেট : ০৪ মে ২০২০, ০৪:২৬ এএম

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে। এ ছাড়াও পুলিশের চার উপমহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। গতকাল রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে (টিআর) বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি এসএম রুহুল আমিনকে অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) এবং ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে (চলতি দায়িত্বে) হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই  আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত