করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেছে ভারত। মোট শনাক্ত রোগীর সংখ্যায় ভারত এখন উঠে এসেছে বিশ্ব তালিকায় ৯ নম্বরে। ভারতের রাজ্য সরকারগুলো এবং আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত বিশ্লেষণ করে এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার রাত পর্যন্ত ভারতে প্রায় ১ লাখ ৬৮ হাজার ৪৮২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যার হিসাবে চীনের (৮২ হাজার ৯৯৫) চেয়ে তা প্রায় দ্বিগুণ।
করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ভারতে ৪ হাজার ৮০৮। আর চীনে ৪ হাজার ৬৩৪। চীনে গত ডিসেম্বরে প্রথম নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর তা ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে। ভারতে করোনাভাইরাসের আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় জানুয়ারি মাসের শেষ দিকে।
ভারতে সর্বশেষ হিসাবে ২৪ ঘণ্টায় রেকর্ড ৭ হাজার ৪৬৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সম্প্রতি বিশেষ ট্রেন ও ফ্লাইটে ভারতজুড়ে নাগরিকদের চলাচল এবং লকডাউনের কিছু বিধিনিষেধ শিথিল করার পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেক রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ হিসেবে অন্য রাজ্য থেকে মানুষ আসার কথাও বলা হচ্ছে। ভারতে লকডাউন চলছে গত ২৫ মার্চ থেকে। কয়েকবার সময়সীমা বাড়ানোর পর লকডাউনের চতুর্থ ধাপ শেষ হচ্ছে আগামীকাল ৩১ মে। এরপর কীভাবে চলবে, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।
ভারতের রাজধানী দিল্লিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে রেকর্ড ১ হাজার ২৪ জন রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র নতুন ২ হাজার ৫৯৮ জনকে শনাক্তের কথা জানিয়েছে। আর বাংলাদেশের সীমানাঘেঁষা রাজ্য পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ ৩৪৪ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
ভারতে এখন পর্যন্ত ৩৩ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। মোট জনসংখ্যার অনুপাতে করোনাভাইরাসের পরীক্ষায় ভারত শীর্ষ ১০০ দেশের মধ্যেও নেই বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
