ইউজিসির নির্দেশনা অমান্য

ঢাবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় খুলছে আগামীকাল

আপডেট : ৩০ মে ২০২০, ০৬:১০ এএম

করোনা পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়। এই প্রজ্ঞাপনের সূত্র ধরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) একই দিন আগামী ১৫ জুন পর্যন্ত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়। কিন্তু ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আগামীকাল রবিবার থেকে বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি প্রধান, দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের ১০ নম্বর ধারায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, অনলাইন কোর্স এবং ডিসটেন্স লার্নিং অব্যাহত রাখার কথা বলা হলেও ১১ নম্বর ধারায় সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিসসমূহ সীমিত পরিসরে খোলা এবং স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার কথা বলা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, প্রজ্ঞাপনের ১১ নম্বর ধারা মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (বশেমুরবিপ্রবি) বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে সব বিভাগীয় অফিসের প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে আসার নির্দেশনা দিয়েছে।

এসব বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তা দেশ রূপান্তরের কাছে অভিযোগ করেন, প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে জড়িতদের বাইরে অন্য কারও বিশ্ববিদ্যালয়ে এখন তেমন কাজ নেই। অথচ সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকতে বলে কর্র্তৃপক্ষ করোনাঝুঁকিতে ফেলে দিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার চান তারা।

এ বিষয়ে ঢাকা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে টেলিফোন করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে বশেমুরবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুসরণ করে আগামী ২ জুন থেকে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিজ্ঞপ্তি দেওয়ার পরে ইউজিসির নির্দেশনা পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষক প্রশাসনিক দায়িত্বে আছেন, তাদের উদ্দেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান দেশ রূপান্তরকে বলেন, ‘ইউজিসি শিগগিরই পরিবর্তন করে নতুন নির্দেশনা দেবে। এ বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।’

এ বিষয়ে ইউজিসি সচিব ফেরদৌস জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মেনে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা দিয়েছি। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিজস্ব সিদ্ধান্তে কার্যক্রম চালু করলে উদ্ভূত পরিস্থিতির দায়ভার তাদেরই নিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত