১৬ জুন থেকে চালু আন্তর্জাতিক ফ্লাইট

আপডেট : ১২ জুন ২০২০, ০৭:০২ এএম

তিন মাস বন্ধ থাকার পর ১৫ জুনের পরিবর্তে ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ। আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। তবে কাতারের ভেতরে যাত্রী ঢুকতে পারবেন না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ। এদিকে অভ্যন্তরীণ রুটে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ ঘোষণার পর বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, চীন-যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই সেসব দেশে আমরা ফ্লাইট চালু করতে পারছি না। তবে কাতার এয়ারওয়েজকে যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে। তারা ইউরোপসহ যেসব গন্তব্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা নেই, সেসব দেশে যাত্রীদের নিয়ে যাবে। আর পর্যায়ক্রমে থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ অন্যান্য রুটও চালু করা হবে দ্রুত সময়ের মধ্যে।

বেবিচকের এক কর্মকর্তা বলেন, ‘১৫ জুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা ছিল। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব স্যারও আমাদের বলেছিলেন। আমরা সেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তবে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বলবৎ থাকায় এর এক দিন পর ১৬ জুন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।’

ফ্লাইট চলাচলের বিষয়ে বেবিচকের এক আদেশে বলা হয়, স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে। বিরাজমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-লন্ডন-ঢাকা রুটে যাত্রী পরিবহন করতে পারবে এবং কাতার এয়ারওয়েজ দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত