করোনা উপসর্গ নিয়ে যুবক-বৃদ্ধসহ ৮ জনের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২০, ০৬:৩৮ এএম

দেশের সাত জেলায় করোনা উপসর্গ নিয়ে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, নাটোর, গাইবান্ধা ও ঝিনাইদহে একজন করে রয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে দুজন মারা গেছেন। হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় শাহানজ বেগম (৬২) নামে একজন মারা যান। এদিন বিকেলে ভর্তির কিছুক্ষণ পরই মেজবাহউদ্দিন (৪৫) নামে আরেকজন মারা যান। দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাটে করোনা উপসর্গ নিয়ে কাজী আলী আসগর (৮৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃদ্ধ আসগর উপজেলার পোল্লাডাঙ্গা নতুন হাজিপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ জানান, আসগর ছয় দিন ধরে জ¦রে ভুগছিলেন। সোমবার সকালে অসুস্থ্ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিরাজগঞ্জ : শহরের মিরপুর বিড়ালাকুঠি মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন (৮০) সোমবার সকালে মারা গেছেন। সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, আবুল হোসেন চার-পাঁচ দিন ধরে জ¦র, সর্দি ও কাশিতে ভুগছিলেন। গত রবিবার তার শ্বাসকষ্ট দেখা দিলে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা : গতকাল দুপুরে সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বদরউদ্দিন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামে। হাসপাতালের আরএমও ডা. শামীম কবীর জানান, শরীরব্যথা, জ¦র ও বমি নিয়ে সকালে ওই বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহ : কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মুস্তাক (৫১) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত রবিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। মুস্তাক কালীগঞ্জ পৌরসভার হেলাই ঈদগাপাড়া এলাকার মখলেচুর রহমানের ছেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন জানান, শরীরে করোনা উপসর্গ থাকায় মুস্তাকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধা পৌরসভার মধ্যপাড়া এলাকা উপসর্গ নিয়ে মোস্তফা লালন (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে তিনি মারা যান। মোস্তফা শহরের মধ্যপাড়ার বাবলু মিয়ার ছেলে। সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, মোস্তফার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নাটোর : গতকাল বেলা ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার মজনুর মোড় এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, বৃদ্ধ লোকমান নারায়ণগঞ্জে চাকরি করতেন। অসুস্থ হওয়ায় গত রবিবার রাতে তিনি এবং তার ছেলে মামুন বাড়িতে আসেন। তার সর্দি, জ¦র এবং গলাব্যথা ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রিকশাভ্যানের ওপরই লোকমান মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত