আজ বাইশে শ্রাবণ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এ দিনে বাংলা সাহিত্য-সংগীতের কিংবদন্তি পুরুষ প্রয়াত হন। করোনা পরিস্থিতিতে বিশেষ এ দিনে নেই উল্লেখযোগ্য কোনো আয়োজন। যার ছাপ পড়েছে বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতেও।
বিগত বছরে স্বল্প পরিসরে হলেও কিছু আয়োজন হতো কুঠিবাড়িতে। কিন্তু করোনার কারণে এবার তা সম্ভব হয়নি। ফলে নীরবে-নিভৃতে কুঠিবাড়ি জুড়ে শ্রাবণের রিমঝিম বর্ষণে কাটছে বিশ্বকবির প্রয়াণ দিবস।
সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, করোনা সংকটে কোন প্রকার জনসমাগম না করার কারণে কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ি বা সরকারি-বেসরকারি উদ্যোগে কোথাও কোন আয়োজন নেই।
সাধারণত কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে কুঠিবাড়িতে প্রত্নতত্ত্ব বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে থাকে আলোচনা সভা, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃতিসহ নানা আয়োজন। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। তবে ফেইসবুক, ইউটিউবে কবিগুরুকে স্মরণ করা হবে। তার স্মৃতির উদ্দেশ্যে প্রণতি জানানো হবে বলে জানিয়েছেন রবীন্দ্র ভক্তরা।
