রিফাত হত্যা মামলা

পাঁচ মাস পর ফের বিচার শুরু, মিন্নিসহ ১০ আসামি আদালতে

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৬:০৬ এএম

করোনা পরিস্থিতিতে বন্ধ থাকার পাঁচ মাস পর ফের শুরু হয়েছে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম। গতকাল সোমবার সকালে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এদিন জামিনে থাকা মিন্নিসহ ১০ আসামি আদালতে হাজির হন।

রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আইনজীবী মজিবুল হক কিসলু জানান, গতকাল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষার জন্য দিন ধার্য ছিল। আদালতে আসামিদের ৭৬ জন সাক্ষীর দেওয়া সাক্ষ্য পড়ে শোনানো হয়। এ ছাড়া আসামিদের সাফাই সাক্ষী গ্রহণ ও কোনো কাগজপত্র জমা দেওয়া হবে কি না, তা জানতে চাওয়া হয়। সাত আসামির ৩৪২ ধারায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী বুধবার বাকি তিন আসামির পরীক্ষা হবে। তারপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করা হবে।

রিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে দুটি ভাগে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং ১৪ জন অপ্রাপ্তবয়স্ক আসামি। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি এবং অপ্রাপ্তবয়স্ক আসামিদের আটজন জামিনে আছেন।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং ‘বন্ড গ্রুপ’। সেদিন বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিফাত। রিফাতের ওপর হামলার দৃশ্যের কয়েকটি ভিডিও ক্লিপ ফেইসবুকে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত