কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ ক ম সরোয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে (৫২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার সকাল ৭টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর বাজারে এ ঘটনা ঘটে। হাসিনুর ফিলিপনগর এলাকার মৃত ডা. জাকির হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ছিলেন।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফিলিপনগর এলাকায় ঈদের দিন শাহাবুল নামে এক যুবককে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনার পর দ্বন্দ্ব আরও বেড়ে যায়। গতকাল সকালে হাসিনুর বাজারে মাছ কিনছিলেন। এ সময় পেছন থেকে শাহাবুলের বাবা মজিবর রহমান (৪০) তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে হাসিনুর মারা যান।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মজিবর ও তার ভাতিজা সম্রাটকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
