যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে সাম্প্রতিক সময়ে শুরু হওয়া ভয়াবহ দাবানলে ৩৩ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ৫ লাখেরও বেশি বাসিন্দা। অনেকের বাড়িঘর আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
ওরেগন রাজ্যে কয়েক ডজন মানুষের খোঁজ মিলছে না। স্থানীয় জরুরি বিভাগের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আগামী দিনে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে। এ নিয়ে রাজ্যকে প্রস্তুতি নিতে হবে। তিন সপ্তাহ ধরে দাবানলে জ্বলছে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বিস্তীর্ণ এলাকা।
গত শনিবার জো বাইডেন সতর্ক করে বলেছেন, ভয়াবহ হুমকি হিসেবে জলবায়ু পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনের অস্তিত্বকে সংকটে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের বাস্তবতা সম্পর্কে উদাসীন হিসেবে অভিযুক্ত করে এর জন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন তিনি।
