বিএনপির লক্ষ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা : কাদের

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০২:১৭ এএম

আসন্ন ঢাকার দুটিসহ ৫টি আসনের উপনির্বাচনে ভরাডুবির আশঙ্কায় বিএনপি এখন থেকেই হামলার মিথ্যা অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন করা বিএনপির আসল লক্ষ্য নয়, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।’ গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কাদের বলেন, ‘বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর মামলা-হামলার কল্পিত অভিযোগের ভাঙা রেকর্ড বাজানো এখনো অব্যাহত রেখেছে। ভোটারদের আস্থা অর্জনে তাদের কোনো পুঁজি নেই, তাই মিথ্যাচারের ভেলায় চড়ে উত্তাল সাগর পাড়ি দেওয়ার অপচেষ্টা করছে।’  তিনি বলেন, ‘বিএনপির প্রার্থীরা নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকতে চাইলেও হাই কমান্ডের অপরাজনৈতিক কৌশলের কারণে ভোটে নিষ্ক্রিয় হয়ে যায় একান্ত অনিচ্ছায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সোচ্চার। অনিয়ম উদঘাটন করে সরকার স্বপ্রণোদিত হয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, কারও চাপে পড়ে নয়।’

 বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যাদের হাত দিয়ে এ দেশে দুর্নীতি বটবৃক্ষে রূপ নিয়েছিল, তারা দুর্নীতির আন্দোলন করবে, এ কথা শুনলে জনগণের হাসি পায়। বিএনপি সমর্থিত বুদ্ধিজীবীদের মতে বিএনপি এখন কোমর ভাঙা রাজনৈতিক দল।

আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মাঠে থাকুক আমরাও চাই। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনই জনগণ চায়। তবে গণতন্ত্রের নামে কোনো অপশক্তি দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করার অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি, জনভোগান্তি ও জানমালের ক্ষতি সরকার মেনে নেবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত