বড় শিল্পে প্রণোদনা বাড়ল ৭০০০ কোটি টাকা

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০১:৫৬ এএম

মহামারী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে সচল করতে সরকার গঠিত প্রণোদনা প্যাকেজের আকার আরও ৭ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। এর মাধ্যমে এই ধরনের শিল্প খাতের জন্য প্রণোদনা প্যাকেজের আকার ৪০ হাজার কোটি টাকায় উন্নীত করল সরকার। তবে প্রণোদনা প্যাকেজের বর্ধিত অংশ অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও হাইটেক পার্কে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে।

গতকাল বাংলাদেশ ব্যাংক এই প্যাকেজের আকার ৩৩ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে এই ঋণ বিতরণের জন্য নতুন করে কিছু নির্দেশনা দিয়ে এক সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৫ এপ্রিল নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বড় শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবিত করতে স্বল্পসুদে ৩০ হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণ সুবিধা প্রদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে সচল রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা প্রদানে আর্থিক সহায়তা প্যাকেজ ৩ হাজার কোটি টাকা বৃদ্ধি করে ৩৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়। এখন এই তহবিলের আকার বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকায় উন্নীত করা হলো।

বাংলাদেশ ব্যাংক জানায়, করোনাভাইরাসে দেশীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি সামগ্রিকভাবে দেশে কার্যরত বিদেশি মালিকানাধীন এবং যৌথ মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় শিল্প ও সেবা খাতের জন্য বর্ধিত ৭ হাজার কোটি টাকার প্রণোদনার ঋণ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে অবস্থিত এ, বি ও সি টাইপ শিল্প প্রতিষ্ঠানের চলতি মূলধন হিসেবে ঋণ সুবিধা প্রদানের জন্য প্রযোজ্য হবে। এই ঋণের সুদহার হবে ৯ শতাংশ, যার মধ্যে সরকার সাড়ে ৪ শতাংশ ভর্তুকি বাবদ প্রদান করবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ব্যাংকগুলো ওই প্যাকেজের আওতায় প্রায় ২৮ হাজার ৪০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত