যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তাতে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন অনেক এগিয়ে থাকলেও বাকি পাঁচ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়ার আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
বার্তা সংস্থা এপির হিসাবে ওয়াশিংটন ডিসিসহ এখন পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্য বা ইলেকটোরাল কলেজ থেকে পাওয়া ৪৭৮টি ইলেকটোরাল ভোটের ২৬৪টি গেছে বাইডেনের ঝুলিতে। রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি ভোট পেতে হয় প্রার্থীকে। এই হিসাবে আর ৬টি ভোট পেলেই জয়ের ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন বাইডেন। তবে ঐতিহাসিকভাবে রিপাবলিকান রাজ্য আলাস্কা ছাড়া স্যুইং স্টেট খ্যাত পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও নেভাডার ফলাফলের অপেক্ষা করতে হবে। এর যেকোনো একটিতে জয় পেলেই চলবে তার।
এপির হিসাব বলছে, চার স্যুইং স্টেটের তিনটিতেই এগিয়ে আছেন ট্রাম্প। একটিতে এগিয়ে বাইডেন। ট্রাম্প যদি আলাস্কাসহ জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসলিভানিয়ায় জয় পান তাও পিছিয়ে থাকবেন তিনি। বাইডেন কেবল নেভাডায় জিতলেই হোয়াইট হাউজের দরজা খুলে যাবে তার জন্য। হোয়াইট হাউজে থাকতে ট্রাম্পকে জিততে হবে বাকি ফলের অপেক্ষায় থাকা সব রাজ্যেই।
তবে পরিসংখ্যান বলছে, তা খুব সহজ হবে ট্রাম্পের জন্য। উল্লিখিত রাজ্যগুলো এখনো যেসব ভোট গণনা বাকি তার বেশির ভাগই পোস্টাল বা ডাকযোগের ভোট। আর এবার এই ভোটগুলোর বেশির ভাগই যাচ্ছে বাইডেনের ঝুলিতে।
হিসাব করে দেখা যাচ্ছে জর্জিয়া অঙ্গরাজ্যে রয়েছে ১৬টি ইলেকটোরাল ভোট। সেখানে ৯৯ শতাংশ ভোট গণনা হয়েছে। বাকি আছে ১ শতাংশ (৫০ হাজার)। তাতে দেখা যাচ্ছে ৪৯ দশমিক ৬২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ট্রাম্প, আর বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ১৫ শতাংশ। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১৮ হাজার ১৪৪। ভোট গণনার প্রথম দিনও সেখানে এই ব্যবধান ছিল প্রায় লাখের বেশি।
নেভাডায় ইলেকটোরাল ভোট ৬টি। সেখানে ৭৪ দশমিক ৭৬ শতাংশ ভোট গণনায় দেখা যাচ্ছে ৪৯ দশমিক ৩৩ শতাংশ নিয়ে এগিয়ে বাইডেন। ৪৮ দশমিক ৬৯ শতাংশ নিয়ে খুব কাছাকাছি রয়েছেন ট্রাম্প। রাজ্যটিতে এখনো ৩ লাখ ৯৮ হাজার ভোট গণনা বাকি। দুই প্রার্থীর ব্যবধান মাত্র ৭ হাজার ৬৪৭ ভোট।
নর্থ ক্যারোলাইনায় আছে ১৫ ইলেকটোরাল ভোট। সেখানে ভোট গণনা হয়েছে ৯৪ শতাংশ। এর মধ্যে ৫০ দশমিক ০৯ শতাংশ নিয়ে এগিয়ে ট্রাম্প; বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ৬৯ শতাংশ ভোট। রাজ্যটিতে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৭৬ হাজার ৭০১। এখন গণনার বাকি ৩ লাখ ৪৮ হাজার ভোট।
গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় ইলেকটোরাল ভোট ২০টি। এখানে ৮৬ দশমিক ৭২ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, ৫০ দশমিক ৭২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ট্রাম্প, বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ১৩ শতাংশ ভোট। সেখানে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩৫ হাজার ৬৫৭। ভোট গণনার বাকি আছে ৯ লাখ ৯৪ হাজার। রাজ্যটিতে বুধবারও দুই প্রার্থীর ব্যবধান ছিল প্রায় ৬ লাখ ভোটের ।
এখানে অবশ্য ভোটের পরে তিন দিন পর্যন্ত পোস্টাল ভোট গ্রহণ করা হয়। সে হিসেবে সেখানে গণনার বাকি থাকা ভোটের সংখ্যা আরও বাড়তে পারে। আর তার বেশির ভাগই যেতে পারে বাইডেনের ঝুলিতে। তাই বাইডেন শিবির আশা করছে, এই রাজ্যও পেতে যাচ্ছেন তারা।
