ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মামাকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে সৈয়দ মুনাব্বির আহম্মেদ তনন (২৫) নামে একজন নিহত হয়েছেন। গত সোমবার দুপুরে হামলার এ ঘটনা ঘটে। ঢাকা নেওয়ার পথে রাত ৯টার দিকে মারা যান এই তরুণ কবি ও সংস্কৃতিকর্মী। তনন উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত সৈয়দ শিব্বির আহমেদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষ বর্ষের ছাত্র ও সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এদিকে এ ঘটনায় জড়িত অভিযোগে তোফাজ্জল হোসেন (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। তননের মামা সৈয়দ ইব্রাহিম সোহান জানান, আলিয়ারা সৈয়দ বাড়ির পাশে একটি সরকারি খাল রয়েছে। সম্প্রতি সেখানে মাছ ধরার জন্য বাঁধ দেন একই এলাকার মোবাশ্বিরের বাড়ির লোকজন। বাঁধের কারণে সৈয়দ আবু তাহেরের বাড়ির একটি সাঁকো পানির নিচে চলে যায়। এ নিয়ে গত রবিবার দুপুরে তাহেরের বাড়ির সৈয়দ মাসুদ আহমেদের সঙ্গে হাতাহাতি হয় মোবাশ্বিরের বাড়ির মুছন মিয়ার ছেলে উসমানের। সোমবার সকালে এলাকার মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে দেবেন বলে দুই পক্ষকে জানান। এদিন দুপুর ২টার দিকে তাহেরের ছেলে সৈয়দ সুমন আহমেদ ও তার বোনের ছেলে সৈয়দ মুনাব্বির আহমেদ তনন বাড়ির পাশের একটি মুরগির ফার্ম থেকে ফেরার পথে মোবাশ্বিরের বাড়ির ১০-১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালায়। এ সময় তনন মামাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তার মাথায়, শরীরের বিভিন্ন অংশে ও পায়ে বেধড়ক আঘাত করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।
নাসিরনগর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এ ঘটনায় কেউ ছাড় পাবে না।
এদিকে তরুণ কবি, সংস্কৃতিকর্মী তনন খুনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কবি-লেখক-সংস্কৃতিকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে চলছে প্রতিবাদের ঝড়। গতকাল সকালে জেলা সদর হাসপাতালে তননের লাশ দেখতে এসে প্রতিবাদ সভায় মিলিত হন তারা। তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা খেলাঘর আসর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, প্রবর্তক আবৃত্তি সংসদ সাধারণ সম্পাদক সোহেল আহাদ, কলেজশিক্ষক ও কবি পারভেজ রায়, পঙ্কজ দেব এবং কবি ও গীতিকার গাজী তানভীর আহমেদ প্রমুখ।
